বিয়ের দুই বছরের মধ্যে স্ত্রী মনিকা রাইটের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের। অভিযোগ, সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনি।
২০২০ সালে একটি অনলাইন অ্যাপে পরিচয় গার্ডনার ও মনিকার। চার বছর সম্পর্কে থাকার পর ২০২৪ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই শুরু হয় সম্পর্কে ভাঙন।
‘ডেইলি মেইল’ জানিয়েছে, গত বছর ভারতে এক দিনের বিশ্বকাপ খেলতে এসে ২২ বছরের জর্জিয়ার সঙ্গে সম্পর্ক হয় ২৯ বছরের গার্ডনারের। সেই সময়ই মনিকা সন্দেহ করেছিলেন। তার সন্দেহ এতটাই প্রবল ছিল যে, বিশ্বকাপের মাঝেই ভারতে চলে আসেন তিনি। মনিকা ভারতে আসায় নাকি রেগে গিয়েছিলেন গার্ডনার।
পরে দেশে ফিরে গিয়ে কথা হয় দুই জনের। তখনই গার্ডনার সব কথা খুলে বলেন। তিনি নাকি সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু মনিকা এতটাই ভেঙে পড়েছিলেন যে, তিনি রাজি হননি। তারপর থেকে আলাদা থাকা শুরু করেন দুই জনে।
মনিকার এক বান্ধবী জানিয়েছেন, দুইজন সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। ক্লিনিকেও গিয়েছিলেন। কিন্তু এই ঘটনার পর মনিকা ক্লিনিকে জানিয়ে দেন, আপাতত পরিবার বড় করবেন না তারা।
মনিকার অনুপস্থিতিতে তাদের সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান গার্ডনার। তিনি নাকি খালি নিজের বিয়ের আংটি রেখে দিয়ে এসেছেন। মনিকা বাড়়ি ফিরে তা দেখতে পান। এবার আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।
গত কয়েক মাস ধরে আলাদা থাকলেও সম্প্রতি সেই খবর বাইরে এসেছে। ‘ডেইলি মেইল’-এর একটি রিপোর্টের স্ক্রিনশট ও জর্জিয়ার ছবি পাশাপাশি রেখে মনিকা লেখেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” তারপরেই জানা যায়, সতীর্থের সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন গার্ডনার।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া দলে সকলে দুই জনের সম্পর্কের কথা জানেন। গার্ডনার ও মনিকার মধ্যে বোঝাপড়াও হয়ে গিয়েছিল। কিন্তু এত দিনে সেই খবর প্রকাশ্যে আসতে হইচই শুরু হয়েছে।


